প্রেমের বিয়ের মাত্র চার মাসের মাথায় কুষ্টিয়ার কুমারখালীর গড়াই সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন শর্মিলা খাতুন (২৩) নামের এক কলেজছাত্রী। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শর্মিলা খাতুন উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী এবং কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গড়াই সেতুতে বেড়াতে এসে তারা দেখেন, একটি মেয়ে সেতুর ওপর ব্যাগ রেখে ঘোরাঘুরি করছেন। এর কিছুক্ষণ পরই তিনি হুট করে নদীতে ঝাঁপ দেন। পরে সেতুর ওপর পড়ে থাকা ব্যাগের ভেতর থেকে পরিচয়পত্র ও মোবাইল নম্বর পেয়ে প্রত্যক্ষদর্শীরা শর্মিলার শাশুড়িকে বিষয়টি জানান এবং জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেন।
খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে কুমারখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে নদীতে তীব্র স্রোত থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আগামীকাল বুধবার সকাল থেকে উদ্ধার অভিযান চালানো হবে। এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ ছাত্রীর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেতু এলাকা।
ডিবিসি/এসএফএল