কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে ঝগড়া করে গড়াই নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক কলেজছাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যদুবয়রা গড়াই সেতু থেকে নদে ঝাঁপ দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই ছাত্রী কুষ্টিয়া সরকারি কলেজের বিএসসি (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। উদ্ধারের পর তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে শর্মিলা নদে ঝাঁপ দিয়েছিলেন। তবে ভালো সাঁতার জানার কারণে ঝাঁপ দেওয়ার পর স্রোতের টানে ভেসে গেলেও রাত দশটার দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে জিলাপিতলা এলাকায় তিনি নিজেই নদের তীরে উঠে আসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও বর্তমানে তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, উদ্ধারের পর ওই কলেজছাত্রীকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।
ডিবিসি/আরএসএল