কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে একটি দরবারে হামলা, অগ্নিসংযোগ ও দরবারের প্রধান আব্দুর রহমান ওরফে শামীমকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এই মামলাটি করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ১৯০ জনকে আসামি করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ফিলিপনগর এলাকায় অবস্থিত ওই দরবারে অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দরবারের প্রধান আব্দুর রহমান শামীম গুরুত্বর আহত হন এবং পরবর্তীকালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শামীম হত্যার ঘটনায় নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে একটি এজাহার জমা দিয়েছেন। আমরা অভিযোগটি গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেছি। মামলায় এজাহারনামীয় একজন ছাড়াও অজ্ঞাত আরও ১৮০-১৯০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। আসামিদের শনাক্ত করতে এবং দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
বর্তমানে ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিবিসি/ এসএফএল