কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় পার্সেল খোলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নাসির শেখ (৫০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত নাসির শেখকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে দুজন অপরিচিত ব্যক্তি নিজেদের গাড়ির চালক পরিচয় দিয়ে ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়ায় একটি পার্সেল লাহিনী জোয়ার্দার পাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। তবে হামিদুল নিজে কোনো পার্সেলের অর্ডার না দেওয়ায় সেটি নিতে অস্বীকৃতি জানান।
এরপর নাসির পার্সেলটি নিয়ে পুনরায় লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে একটি ফলের দোকানের সামনে পার্সেলটি খোলা হয়। ব্যাগের ভেতর থাকা একটি কাঠের বাক্স খোলার পরপরই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নাসিরের শরীরের নিম্নাঙ্গ স্প্লিন্টারের আঘাতে জখম হওয়ার পাশাপাশি ফলের দোকানের একটি ফ্রিজও ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে হামিদুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে পরিচিত দুজন ব্যক্তি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, আহত ভ্যানচালক বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাটারিসহ বেশ কিছু আলামত উদ্ধার করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। হঠাৎ ঘটা এই বিস্ফোরণের জেরে ওই এলাকায় স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ডিবিসি/আরএসএল