কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। (২৯ মার্চ) রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার সদরপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এই হামলার শিকার হন তিনি। গুলিবিদ্ধ নেতার নাম শফিকুল ইসলাম ওরফে আজম (৫২)। তিনি আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিল আমলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শফিকুল ইসলাম সদরপুর বাজারে তাঁর তামাকের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ট্রাকে তামাক ওঠানো দেখছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত পাঁচ-ছয়জন ব্যক্তি সেখানে উপস্থিত হয়। মোটরসাইকেল থেকে নেমে দুই ব্যক্তি শফিকুলের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। হামলার পরপরই অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এই ঘটনায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে শফিকুল ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, শফিকুলের ডান চোখ, বাঁ চোয়াল ও পেটের ওপরের দিকে তিনটি গুলি লেগেছে এবং সবগুলো গুলিই শরীরের ভেতরে রয়েছে। প্রাথমিক অস্ত্রোপচার শেষে তাঁর অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে মিরপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেল, একটি ম্যাগাজিন এবং তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন।
ডিবিসি/টিবিএ