জেলার সংবাদ

কুষ্টিয়ায় মুদি ব্যবসায়ীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার মিরপুরে রিপন কাজী (২৫) নামে এক তরুণ মুদি দোকানির রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে নিজ দোকানের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

নিহত রিপন কাজী মিরপুর পৌরসভার তালতলা এলাকার আলম কাজীর ছেলে। ওই এলাকাতেই কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে তার রিপন স্টোর নামের একটি মুদি দোকান রয়েছে।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে নিজ দোকান ও বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় রিপনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রিপন কাজীর মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তাকে কেউ মারধর করার কারণে মৃত্যু হয়েছে, নাকি অন্য কোনো কারণে তিনি মারা গেছেন-তা খতিয়ে দেখা হচ্ছে।

 

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন