বাংলাদেশ, জেলার সংবাদ

কুষ্টিয়ায় শামীম হত্যা: প্রথম হামলাকারী রাজীব রাজশাহীতে গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার প্রধান আব্দুর রহমান শামীম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ ও র‍্যাব-৫-এর একটি যৌথ আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানা রোডের নাসিম হেয়ার ড্রেসার নামক একটি সেলুনের সামনে অভিযান চালায়। সেখান থেকেই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজীব উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ গ্রামের গাজী মিস্ত্রির ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি।


র‍্যাব কর্মকর্তারা জানান, শামীম হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গত ১১ এপ্রিল ঘটনার পর থেকেই রাজীব পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি প্রথমে পাবনায় আত্মগোপন করেন, পরে রাজশাহীতে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থাকতে তিনি একাধিক সিম কার্ড ব্যবহার করতেন এবং নিজের ফোন এড়িয়ে অন্যের ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব নিশ্চিত হয় যে রাজীব মিস্ত্রি গোদাগাড়ীর একটি সেলুনে চুল কাটাতে গিয়েছেন। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


তদন্ত সংশ্লিষ্টরা জানান, দরবারে হামলা ও শামীম হত্যার ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও ফুটেজে নীল টি-শার্ট পরিহিত রাজীব মিস্ত্রিকে সর্বপ্রথম দরবার প্রধান শামীমের ওপর চড়াও হতে ও আঘাত করতে দেখা যায়।


মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আলী মোর্তজা বলেন, রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই মামলায় এখন পর্যন্ত মোট ৪ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ২৬ এপ্রিল বিপ্লব হোসেন ও আলিফ ইসলাম এবং ২৭ এপ্রিল রাতে আলমগীর হোসেন নামে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।


উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুরে একটি পুরোনো ভিডিওকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগে উত্তেজিত জনতা ফিলিপনগর এলাকায় আব্দুর রহমান ওরফে শামীমের দরবারে হামলা চালায়। হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানোর পাশাপাশি দরবার প্রধান শামীমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত রাজীবকে শুক্রবার দৌলতপুর থানায় হস্তান্তরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন