কুসংস্কারের কারণে স্পেনের বিপক্ষে রবিবারের বিশ্বকাপ ফাইনাল দেখতে স্টেডিয়ামে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। তিনি জানিয়েছেন, টুর্নামেন্টের আগের সাতটি ম্যাচের মতো এবারও নিজের সরকারি বাসভবন অলিভোস থেকেই খেলা দেখবেন।
স্থানীয় রেডিও এল অবজারভাদর-কে দেওয়া সাক্ষাৎকারে মিলে বলেন, দলের জয়ের ধারা বজায় রাখতে তিনি নিজের রুটিন বদলাতে চান না। এমনকি আগের ম্যাচগুলোতে পরা একই ভারী জ্যাকেটও ফাইনালের দিন পরবেন।
মিলে জানান, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গরম লাগায় একবার জ্যাকেট খুলে ফেলেছিলেন। ঠিক তখনই আর্জেন্টিনা গোল হজম করে। পরে আবার জ্যাকেট পরে নেন এবং এরপর থেকে আর তা খোলেননি।
আর্জেন্টিনায় এমন কুসংস্কার বা কাবালাস বেশ প্রচলিত। জাতীয় দল জিততে থাকলে অনেক সমর্থক একই পোশাক পরে খেলা দেখেন, একই জায়গায় বসেন কিংবা নির্দিষ্ট কিছু অভ্যাস অপরিবর্তিত রাখেন।
দেশটির প্রেসিডেন্টদের মধ্যেও এমন বিশ্বাস নতুন নয়। ১৯৯০ বিশ্বকাপে তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম দলের সঙ্গে দেখা করার পর উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে যায় আর্জেন্টিনা। এরপর থেকেই তাকে অনেকেই অপয়া বলে আখ্যা দেন। সেই ঘটনার পর থেকে দায়িত্বে থাকা কোনো আর্জেন্টাইন প্রেসিডেন্টকে জাতীয় দলের বিশ্বকাপ ম্যাচে উপস্থিত থাকতে দেখা যায়নি।
সূত্র: এনবিসি নিউজ
ডিবিসি/এসএফএল