পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আনন্দঘন মুহূর্তে কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে এসব দুর্ঘটনার কারণ দ্রুত খুঁজে বের করতে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
কুমিল্লায় সংঘটিত ভয়াবহ বাস-ট্রেন দুর্ঘটনার কারণ নির্ণয়ে ইতোমধ্যে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়া ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ অন্যান্য স্থানে দুর্ঘটনায় হতাহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঈদের আনন্দঘন মুহূর্তে এমন প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। প্রতিটি জীবনই মূল্যবান এবং প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। তিনি মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি মেনে নেয়া হবে না। পাশাপাশি, রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন তিনি।
ডিবিসি/এএমটি