জেলার সংবাদ

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের একই পরিবারের তিন যমজ বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মেধাবী এই তিন বোন হলো-তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তাদের এই অভাবনীয় সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে এখন আনন্দের বন্যা বইছে।

২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই তিন বোন ভিন্ন ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে। এর মধ্যে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় বসে। ভিন্ন বিদ্যালয় থেকে অংশ নিলেও তারা তিনজনই কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে নিজেদের অসাধারণ মেধার প্রমাণ রেখেছে।

 

তিন মেধাবী কন্যার বাবা মো. তারিকুর রহমান তারিক কুড়িগ্রাম জেলা জজ আদালতের একজন স্বনামধন্য আইনজীবী এবং মা শাহিনা আক্তার একজন গৃহিণী। পরিবার ও শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই এই তিন বোন অত্যন্ত মেধাবী, শান্ত ও নম্র স্বভাবের। নিয়মিত পড়াশোনা, কঠোর শৃঙ্খলাবোধ এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা অক্ষরে অক্ষরে অনুসরণের কারণেই মূলত তাদের জীবনে এই ঈর্ষণীয় সাফল্য ধরা দিয়েছে।

 

প্রাথমিকের গণ্ডি পেরিয়ে তিন বোনই এখন মাধ্যমিকের পথে পা বাড়িয়েছে। বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। সন্তানদের এমন সাফল্যে গর্বিত বাবা-মা সকলের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে কন্যাদের উত্তম জ্ঞান, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন তারা।

 

একই পরিবারের তিন যমজ বোনের একযোগে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের ঘটনাটি শুধু রহমান পরিবারের জন্যই আনন্দের নয়, বরং পুরো কুড়িগ্রাম জেলার শিক্ষা অঙ্গনের জন্য এটি এক বিরল ও অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

ডিবিসি/এমএনকে
 

আরও পড়ুন