বাংলাদেশ

কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ছাই

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা-প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াকাটা পৌর শহরের বেড়িবাঁধ সংলগ্ন সীকুইন হোটেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আরও ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে দুটি খাবার হোটেল, দুটি কাপড়ের দোকান, একটি মুদি-মনোহরী দোকান, একটি ঝিনুকের দোকান, একটি জেনারেটরের দোকান ও একটি চায়ের দোকান পুরোপুরি ভস্মীভূত হয়।

 

খবর পেয়ে কলাপাড়া থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের অন্তত অর্ধকোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে এখনও তারা নিশ্চিত হতে পারেননি।

 

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল হোসেন জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন