মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে শনিবার রাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। এই হামলায় বিমানবন্দরের টার্মিনাল-১ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
আহত চার বাংলাদেশি হলেন আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ড্রোন হামলার পর ধ্বংসাবশেষের আঘাতে ওই চার বাংলাদেশি আহত হন। এছাড়া সেখানে কর্মরত আরও বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।
মূলত পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার জেরে শনিবার সকাল থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় অঞ্চলজুড়ে এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। কাতার, সৌদি আরব, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি কুয়েতেও হামলা চালানো হচ্ছে। এর ধারাবাহিকতাতেই কুয়েত বিমানবন্দরে এই ড্রোন হামলা ঘটে।
উপসাগরীয় এলাকায় যুদ্ধাবস্থা তৈরি হওয়ার কারণে কুয়েতে অবস্থিত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকা, নিরাপদ স্থানে বা বাসায় অবস্থান করা এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য দূতাবাসের পক্ষ থেকে কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।
ডিবিসি/টিবিএ