মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রোশবশত কূটনীতির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ট্রাম্প শুধু কূটনীতির সঙ্গেই নয়, বরং যেসব আমেরিকান জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের আস্থার সঙ্গেও প্রতারণা করেছেন।
গতকাল বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি এ তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইরানের শীর্ষ এই কূটনীতিক।
আরাগচি তার পোস্টে যুদ্ধ শুরুর আগে ইরানের সঙ্গে ওয়াশিংটনের তথাকথিত আলোচনামূলক দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করেন। তিনি স্পষ্ট করে বলেন, মূলত তথ্যের বিকৃতি ও যুক্তরাষ্ট্রের একগুঁয়েমিই পরমাণু আলোচনাকে সম্পূর্ণ ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, যুক্তরাষ্ট্র প্রশাসনের ভিত্তিহীন অভিযোগ ও আক্রমণাত্মক মনোভাবই দুই দেশের মধ্যে কূটনীতির স্বাভাবিক পথ রুদ্ধ করে দিয়েছে। ট্রাম্পের এমন হঠকারী ও আক্রোশমূলক সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন নতুন করে সংকট তৈরি করেছে, তেমনি তা নিজ দেশের ভোটারদের জনপ্রত্যাশার প্রতিও চরম অবমাননা হিসেবে প্রতিফলিত হয়েছে বলে আরাগচি তার বার্তায় উল্লেখ করেন।
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি
ডিবিসি/এএমটি