কূটনৈতিক সমাধানের প্রচেষ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বেপরোয়া সামরিক উসকানি’ বা দুঃসাহসিকতার অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে সামরিক উত্তেজনা বাড়ানোর পক্ষে অবস্থান নিচ্ছে। তবে ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আরাগচি মার্কিন প্রশাসনকে ইঙ্গিত করে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, এটি কি কেবলই একটি স্থূল চাপের কৌশল? নাকি কোনো চক্রান্তকারীর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্টকে আবারও কোনো নতুন চোরাবালিতে ফেলার চেষ্টা?
যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়ে ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী তার পোস্টে আরও যুক্ত করেন, পেছনের কারণ যাই হোক না কেন, এর ফলাফল একটাই: ইরানিরা কখনোই কোনো চাপের কাছে মাথা নত করে না।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি