প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধন নীতির প্রতি একাত্মতা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, সরকারি ব্যয় কমাতে তিনি এখন মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করে ফ্যান ব্যবহার করছেন। শনিবার (২৫ এপ্রিল) টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে আউশ ধানের বীজ, সার ও খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী আমাদের কঠোরভাবে কৃচ্ছ্রসাধনের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের প্রতি সম্মান জানিয়ে আমরা মন্ত্রণালয়ে এসি চালানো বন্ধ রেখেছি এবং ফ্যান ব্যবহার করছি।" দেশকে একটি স্বনির্ভর অর্থনীতিতে পরিণত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের সহযোগিতায় দেশ অবশ্যই একটি শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে পৌঁছাবে।
বিগত সরকারের সমালোচনা করে আহমেদ আজম খান মন্তব্য করেন, বর্তমান সরকার প্রায় শূন্য হাতে যাত্রা শুরু করেছে। তিনি অভিযোগ করেন, "আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্ত ও দেউলিয়া করে রেখে গেছে। বিগত ১৮ বছরে তারা উল্লেখ করার মতো কিছুই দিয়ে যেতে পারেনি।" সরকারের আগামী পাঁচ বছরের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী জানান, সীমিত সম্পদ ও আয়ের ভিত্তিতে দুর্নীতিমুক্ত দেশ গড়ার মাধ্যমে বাংলাদেশকে অন্তত মধ্যম আয়ের দেশে উন্নীত করাই তাদের প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের ২৫০ জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণের পাশাপাশি ৩৫০ জন খামারির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিবিসি/পিআরএএন