রাজনীতি

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুরে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে সারাদেশের মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এই কৃষক কার্ড বিতরণ করবে। সরকার শপথ নেওয়ার পর থেকে নির্বাচনি প্রতিটি প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, ইতিমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। আজ কৃষক কার্ড বিতরণ শুরু হলো। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে খাল খনন কর্মসূচিও বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

 

এর আগে দুপুর দেড়টার দিকে শৈলকুপার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামানসহ ১ হাজার ৬৭৯ জন উপকারভোগী কৃষক-কৃষাণি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের কৃষকরা এই কৃষক কার্ড পাচ্ছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন