আধুনিক কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৮ এপ্রিল) চীনের সিপিসি লু'আন পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও লু'আন পৌর সরকারের ভাইস-মেয়র লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এসব কথা বলেন।
চীনের লু'আন শহরে অনুষ্ঠিত এই বৈঠকে চীনা পক্ষের হয়ে আরও উপস্থিত ছিলেন লু'আন পৌর সরকারের উপ-মহাসচিব ও পৌর সরকারি কার্যালয়ের (পৌরসভা পররাষ্ট্র বিষয়ক দপ্তর) পরিচালক লিউ ঝেংওয়াং এবং লু'আন পৌর গণসরকারের (পররাষ্ট্র) পূর্ণকালীন উপ-পরিচালক কিন ফেই। বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলটি লু’আন শহরের মেয়রের আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে অংশ নেয়।
এর আগে শনিবার দিনে চীন সফররত বিএনপির এই প্রতিনিধি দলটি দেশটির প্রথম সারির দশটি চা কোম্পানির অন্যতম 'গুয়াপিয়ান টি কোম্পানি লিমিটেড' পরিদর্শন করে। এ সময় তারা ঐতিহ্যবাহী কোম্পানিটির চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উচ্চমান নিয়ন্ত্রণ ব্যবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, এই অভিজ্ঞতা ছিল একই সঙ্গে জ্ঞানসমৃদ্ধ ও অনুপ্রেরণাদায়ক। চা চাষ ও প্রক্রিয়াজাতকরণের সূক্ষ্ম ও যত্নশীল প্রক্রিয়া প্রত্যক্ষ করে লু’আনের খ্যাতনামা চা শিল্পের ঐতিহ্য ও উদ্ভাবনের প্রতি তাদের উপলব্ধি আরও গভীর হয়েছে। এটি কেবল একটি কারখানা পরিদর্শন ছিল না, বরং এটি ছিল একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কীভাবে উৎকর্ষ ও বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন সম্ভব, তা তারা সেখানে প্রত্যক্ষ করেছেন বলে তিনি উল্লেখ করেন।
কৃষিভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ভ্যালু চেইন উন্নয়ন এবং গ্রামীণ শিল্পায়নের মতো খাতে চীনের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পাচ্ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার যে সম্পর্ক রয়েছে, এ ধরনের সফর তাকে আরও নতুন মাত্রা প্রদান করবে এবং স্থানীয় পর্যায়েও বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করতে সহায়তা করবে।
এর আগে গত ১৭ এপ্রিল প্রতিনিধি দলটি চীনের বিখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড ‘জ্যাক মোটরস’ কোম্পানির কার্যালয় এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (ইউএসটিসি) পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেওয়া নানা যুগান্তকারী পরিকল্পনা তুলে ধরা হয়। দেশের শীর্ষ নেতাদের কাছে পেয়ে শিক্ষার্থীরা আবেগাপ্লুত ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পড়াশোনা শেষে দেশে ফিরে জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে গত ১৬ এপ্রিল চীনে পৌঁছায় বিএনপির ১৯ সদস্যের এই প্রতিনিধি দলটি। মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এস এম আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নজমুল হক নান্নু ও মিস বেবি নাজনীন।
এছাড়াও প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সমাজকল্যাণ সম্পাদক ও সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, বাংলাদেশ জুট ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য সায়েদ আল নোমান, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও সংসদ সদস্য মনোয়ার হোসেন, মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার সহকারী একান্ত সচিব ও বিএনআরসি (বিএনপি গবেষণা উইং) রিসার্চ অ্যাসোসিয়েট মীর সোলাইমান।
ডিবিসি/পিআরএএন