কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন পর্যায়ের কৃষিবিদরা।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও এ্যাবের সাবেক নেতৃবৃন্দের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক খোন্দকার আসাদুজ্জামান কিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. হুমায়ুন কবির, প্রফেসর ড. মাহবুব ইসলামসহ শেকৃবি ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ নিয়ে প্রতিবাদ জানানোর পর গত ৪ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। পরে ১৬ জুন সেই হামলার ভিডিও ছড়িয়ে পড়লে কৃষিবিদ সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ভিডিও ফুটেজে কৃষিবিদ ডা. শাহাদত হোসেন বিপ্লবের সঙ্গে পারভেজের উত্তপ্ত বাক্যবিনিময়ের পরপরই তার সঙ্গে থাকা লোকজনকে এই হামলা চালাতে দেখা যায়। বক্তারা ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
পেশাজীবী প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন, চাপ প্রয়োগ এবং ভিন্নমত দমনের অভিযোগকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে বক্তারা বলেন, শাহাদাত হোসেন পারভেজ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী আন্দোলনের সঙ্গে যুক্ত। এমন একজন নেতার ওপর প্রকাশ্যে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পেশাজীবী সংগঠনের ভেতরে চাঁদাবাজি, দখলদারিত্ব বা রাজনৈতিক প্রভাব খাটানোর কোনো সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে বক্তারা হুঁশিয়ারি দেন, এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে সারাদেশের কৃষিবিদ, পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ডিবিসি/আরএসএল