অর্থনীতি

কেনার পরদিনই শেয়ার বিক্রি করার সুযোগ আসছে পুঁজিবাজারে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা মার্চ ২০২২ ০৩:৫৮:২৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শেয়ার কেনাবেচার সময় কমিয়ে কেনার পরদিনই বিক্রির সুযোগ আসছে পুঁজিবাজারে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারী নয়, লাভ বাড়বে ব্রোকারেজ হাউসের, বলছেন বিশ্লেষকরা।

কেনার পরের দিনই শেয়ার বিক্রি করার সুযোগ আসছে পুঁজিবাজারে। বিশ্লেষকরা বলছেন, এতে ক্ষুদ্র বিনিয়োগকারী নয়, আয় বাড়বে ব্রোকারেজ হাউজগুলোর। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি মনে করছে-এমন কৌশলে লেনদেন বাড়বে দেশের দুই পুঁজিবাজারে।

এখন যেকোনো শেয়ার কিনলে সেটি পরদিনই বিক্রি করা যায় না। এজন্য সময় লাগে কমপক্ষে ৩ দিন। 

কিন্তু এখন শেয়ার কেনাবেচার সময় কমিয়ে আনতে যাচ্ছে পুঁজিবাজার তদারকি সংস্থা। এজন্য দেশের দুই পুঁজিবাজারকে ৭ দিন সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এমন সিদ্ধান্তে আরও গতিশীল হবে পুঁজিবাজারের লেনদেন।

লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা বলেন, নতুন যে গাইডলাইনটা আসছে সেটা খুবই ভালো উদ্যোগ। এটা বাস্তবায়ন করার জন্য যে কর্মপ্রনালী দরকার সেটা সাতদিনের মধ্যে করতে পারবে কি না আমি নিশ্চিত না। শেয়ার বিক্রি তিনদিন থেকে একদিনে আসা খুবই ভালো উদ্যোগ এবং এটির ইতিবাচক প্রভাব পড়বে বাজারে।

বিশ্লেষকরা বলছেন, উন্নত বিশ্বের অনেক দেশ আরও আগেই এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম বলেন, চায়নাতে কিন্তু এই পদ্ধতি অনেক আগে থেকেই চলছে। এছাড়া ভারত এবং যুক্তরাষ্ট্রে সম্প্রতি এই পদ্ধতি চালু করা হয়েছে। শেয়ার বিক্রির সময় কমে যাওয়ায় বাণিজ্যের পরিমাণ বাড়বে এবং ঝুঁকির পরিমাণও কমবে। বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে আগ্রহী হবে।

এমন সিদ্ধান্ত কার্যকর হলে বাজারে অর্থের প্রবাহ বাড়ার পাশাপাশি বিদেশিসহ সব বিনিয়োগকারীর জন্য পুঁজিবাজারে বিনিয়োগের পথ সুগম হওয়ার কথা বলছে বিএসইসি। তবে বিশ্লেষকের মতে, এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা লাভবান হবে না।

পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক ড. আবু আহমেদ বলেন, এ বিষয়ে সিকিউরিটি এক্সচেঞ্জের একটা ব্যাখ্যা দেয়া উচিত ছিল যে এর ফলে কি কি লাভ হতে পারে। এতে ব্রোকার হাউজের লাভ হতে পারে,তাদের টার্ন ওভার বাড়বে। এ সিদ্ধান্তে এতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোন উপকার হবে বলে মনে হয় না।

পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তি একদিনে করার এ নিয়ম জেড ক্যাটাগরির কোম্পানির জন্য প্রযোজ্য হবে না বলেও নির্দেশনা দিয়েছে বিএসইসি।

আরও পড়ুন