মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সংবাদ সম্মেলন করেন র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি জানান, ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান ঘিরে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি বা হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র্যাব।
র্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনার কেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করা হয়েছে। ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদনের বিষয়টি মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি জানান, র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইতিমধ্যে পুরো এলাকা সুইপিং সম্পন্ন করেছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কয়েক স্তরের নিরাপত্তা ছক সাজানো হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
ডিবিসি/এসএফএল