কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তায় আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত ওই কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
দুর্ঘটনার খবর জানার পরপরই প্রধানমন্ত্রী মোবাইল ফোনে স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
শনিবার দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।’ তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পাশাপাশি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ডিবিসি/আরএসএল