খেলাধুলা, ফুটবল

কেরালা সফর বাতিল মেসির, তদন্তে নতুন বিস্ফোরক তথ্য

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির প্রস্তাবিত কেরালা সফর বাতিলকে ঘিরে নতুন করে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইভেন্টটির প্রকৃত আর্থিক সম্ভাবনা আড়াল করতে কেরালা রাজ্য সরকারের কাছে সম্ভাব্য আয় কম দেখানো হয়েছিল। সফরটি বাস্তবায়িত হলে এই আয়োজন থেকে অন্তত ২০০ কোটি রুপি আয় হতে পারত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সফরকে কেন্দ্র করে তৈরি করা বিস্তারিত প্রকল্প প্রতিবেদনে (ডিপিআর) সম্ভাব্য আয় দেখানো হয়েছিল ৮০ কোটি রুপি। বিপরীতে মোট ব্যয় ধরা হয়েছিল ২০৮ কোটি রুপি। সম্ভাব্য আয় কমিয়ে এবং ব্যয় বাড়িয়ে দেখানোর অভিযোগ সামনে আসায় ইভেন্টের স্পন্সর প্রতিষ্ঠান ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’র সম্ভাব্য আর্থিক স্বার্থ নিয়েও প্রশ্ন উঠেছে।

 

কেরালার ক্রীড়া বিভাগের বিশেষ সচিব এন প্রশান্ত এই আর্থিক পর্যালোচনা প্রতিবেদন ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান ও জে জেনীশের কাছে জমা দেন। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য আয় উল্লেখযোগ্যভাবে কম দেখিয়ে এবং ব্যয় বাড়িয়ে ডিপিআর প্রস্তুত করা হয়েছিল। একই সঙ্গে আয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎস পুরোপুরি হিসাবের বাইরে রাখা হয়।

 

প্রস্তাবিত দুটি প্রীতি ম্যাচের ক্ষেত্রে ডিপিআরে আয়ের উৎস হিসেবে কেবল টিকিট বিক্রি, সম্প্রচার ও মিডিয়া স্বত্ব এবং প্রিমিয়াম অ্যাকসেসের কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু স্পন্সরশিপ, ব্র্যান্ডিং, অফিশিয়াল মার্চেন্ডাইজ, ফ্যান ইভেন্ট এবং ট্রাভেল ও হসপিটালিটি প্যাকেজের মতো বড় আয়ের খাতগুলো এতে অন্তর্ভুক্ত ছিল না।

 

প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বাদ পড়া এসব খাত থেকে সম্ভাব্য আয় অত্যন্ত সতর্কভাবে হিসাব করলেও ইভেন্টটির মোট রাজস্ব অন্তত ২০০ কোটি রুপিতে পৌঁছাতে পারত।

 

ক্রীড়ামন্ত্রীর নির্দেশে তৈরি এই আর্থিক পর্যালোচনা প্রতিবেদন ইতোমধ্যে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে ফরেনসিক ব্যাংকিং বিশ্লেষণ ও করপোরেট হিসাব তদন্তে সক্ষম সংস্থাকে যুক্ত করে বহু-সংস্থা সমন্বিত পূর্ণাঙ্গ তদন্তের সুপারিশ করা হয়েছে।

 

ক্রীড়ামন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এর আগে জাকার্তা, সৌদি আরব ও মুম্বাইয়ে আর্জেন্টিনা দল এবং মেসিকে ঘিরে আয়োজিত ইভেন্টগুলোর আর্থিক কাঠামো পর্যালোচনা করা হয়েছে। এসব আয়োজনে মেসির সঙ্গে ছবি তোলা বা বিশেষ সাক্ষাতের সুযোগের জন্য ভক্তরা বড় অঙ্কের অর্থ ব্যয় করেছিলেন। কেরালার শক্তিশালী ফুটবল সংস্কৃতি এবং মেসির ব্যাপক জনপ্রিয়তার কারণে সেখানে আয় সমান বা আরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ইভেন্ট থেকে অর্জিত আয় রাজ্য সরকার ও স্পন্সরের মধ্যে কীভাবে ভাগ হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট নথি পাওয়া যায়নি। ফলে রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি শুধু স্পন্সর হিসেবে নয়, কার্যত প্রোমোটারের সুবিধা পাওয়ার মতো অবস্থানে ছিল।

 

এ ছাড়া আয়োজনটি বাস্তবায়িত হলে রাজ্য সরকারের ওপর কী ধরনের আর্থিক বা অন্যান্য দায় তৈরি হতো, সে সম্পর্কেও ডিপিআরে স্পষ্ট কোনো ধারণা ছিল না।

 

কেরালায় মেসি ও আর্জেন্টিনা দলের প্রস্তাবিত প্রীতি ম্যাচটি গত বছরের নভেম্বরে হওয়ার কথা ছিল। এর আগে অক্টোবরে আয়োজকেরা জানিয়েছিলেন, ফিফার অনুমতি-সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে না।

 

পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে ম্যাচটি আয়োজনের কথা বলা হলেও শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি। এখন তদন্ত প্রতিবেদনে আর্থিক অসঙ্গতির অভিযোগ সামনে আসায় বহুল আলোচিত সেই সফর বাতিলের পেছনের কারণ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন