বাংলাদেশ, জাতীয়, রাজধানী

কোরবানির বর্জ্য অপসারণে অবহেলা: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে বরখাস্ত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদুল আজহার পরদিন রাজধানীর বিভিন্ন সড়কে কোরবানির পশুবর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই সিটি করপোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) দুপুর ২টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বেশ কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

বরখাস্ত হওয়া ওই দুই কর্মকর্তা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (অঞ্চল-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও উপসচিব কাজী সালেহ মুস্তানজির। 

 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় রাস্তায় ময়লা জমে থাকতে দেখে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হয়ে রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাই খাল, নারিন্দা, বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট, জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন। 

 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন