'শক্তি ও মর্যাদার অবস্থানে' থাকাকালীন এখনই যুদ্ধ শেষ করা ভালো বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে কোনো হামলা চালানো হলে তেহরান তার কঠোর জবাব দেবে।
শুক্রবার 'ইসলামিক অ্যাসোসিয়েশন অব দ্য ইরানিয়ান মেডিকেল সোসাইটি'র ৩১তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান এসব কথা বলেন। আলোচনার মাধ্যমে অর্জিত সাম্প্রতিক একটি চুক্তিকে তিনি ‘বড় অর্জন’ হিসেবে বর্ণনা করেন, যা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির (আইএসএনএ) প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ’এই চুক্তিতে তারা এমন একটি ধারাও খুঁজে পাবে না যা আমাদের আত্মসমর্পণকে নির্দেশ করে; বরং সমস্ত দায়বদ্ধতা অপর পক্ষের ওপর বর্তায়।’ তিনি আরও জানান যে, ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত নয়, তবে সম্ভাব্য প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে হবে। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ’আমরা কোনো অবস্থাতেই অন্যায় বা গুন্ডামির কাছে মাথা নত করব না। আমরা শেষ নিশ্বাস পর্যন্ত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং তাদের দাঁতভাঙা জবাব দেব।’
সংঘাত ও নৌ অবরোধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপের কথা স্বীকার করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ’যুদ্ধ কোনো এক পর্যায়ে শেষ হতেই হবে। তাই আমরা যখন শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছি, তখন আজই যুদ্ধ শেষ করা শ্রেয়।’ যারা সংঘাতের পক্ষে কথা বলছেন তাদের এর পরিণতি ও মূল্য চোকাতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ’আমরা যখন স্লোগান তুলি, তখন এর সাথে আসা কষ্টগুলোও আমাদের মেনে নিতে হবে।’
ডিবিসি/আরএসএল