খেলাধুলা, ফুটবল

কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুই যুগেরও বেশি সময় ধরে ক্লাব ফুটবল থেকে শুরু করে ব্যালন ডি’অরের মঞ্চ পর্যন্ত রাজত্ব করলেও, ফুটবল বিশ্বকাপের মঞ্চে কখনও একে অপরের মুখোমুখি হননি। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দলের নতুন ও জটিল ফরম্যাটের নকআউট পর্বের সমীকরণে এই দুই মহাতারকার মুখোমুখি হওয়ার কয়েকটি রোমাঞ্চকর সম্ভাবনা উঁকি দিচ্ছে।

চলমান বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল রয়েছে ‘কে’ গ্রুপে। গ্রুপ পর্বের পারফরম্যান্স ও নকআউট ব্র্যাকেটের সমীকরণ অনুযায়ী কয়েকটি উপায়ে এই দুই মহাতারকার দেখা হতে পারে।

 

বর্তমানে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩ পয়েন্ট পাওয়া অস্ট্রিয়া। শেষ ম্যাচে আর্জেন্টিনা হারলে এবং অস্ট্রিয়া জিতলে পয়েন্ট সমান হলেও হেড টু হেডে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে, দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারালে তারা গ্রুপ সেরা হবে, তবে এই ম্যাচের যেকোনো ফলাফল বা গ্রুপের অন্য দলের খেলার ওপর ভিত্তি করে বাদ না পড়লে পর্তুগাল সম্ভাব্য তিনটি অবস্থানে (গ্রুপ চ্যাম্পিয়ন, রানারআপ কিংবা সেরা তৃতীয়) থেকে পরের রাউন্ডে উঠতে পারে।

 

বিশ্লেষকদের মতে, দুই দলের মুখোমুখি হওয়ার সবচেয়ে সহজ ও সম্ভাব্য পথ হলো কোয়ার্টার ফাইনাল। যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল উভয় দলই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখে এবং পরবর্তী রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬-এর বাধা পার করতে পারে, তবে আগামী ১১ জুলাই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাবে তাদের। এছাড়া, আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন এবং পর্তুগাল নিজেদের গ্রুপে অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে কোয়ালিফাই করলে টুর্নামেন্টের একেবারে শুরুর রাউন্ড অব ৩২-এই তাদের দেখা হতে পারে। আবার পর্তুগাল তৃতীয় অবস্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠলেও অন্যতম সেরা তৃতীয় না হতে পারলে দল দুটির দেখা হতে পারে সেমিফাইনালে।

 

অন্যদিকে, আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন এবং পর্তুগাল গ্রুপ রানারআপ হলে ব্র্যাকেটের নিয়ম অনুযায়ী তারা একদম ভিন্ন দুটি লাইনে চলে যাবে। সেক্ষেত্রে নকআউট পর্বের শুরুর দিকে তাদের দেখা হওয়ার কোনো সুযোগ থাকবে না; তবে সব বাধা পেরিয়ে দুই দলই যদি শেষ পর্যন্ত টিকে থাকে, তাহলে মেটলাইফ স্টেডিয়ামের স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবেন এই দুই কিংবদন্তি। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষ না হওয়া পর্যন্ত কে কোন ব্র্যাকেটে অবস্থান করছেন তা নিশ্চিত করে বলা না গেলেও, ফুটবল বিশ্লেষকদের মতে দুই দলের বর্তমান ফর্ম ও শক্তিমত্তা বিবেচনা করলে ১১ জুলাইয়ের কোয়ার্টার ফাইনালেই তাদের দেখা হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত সবচেয়ে বেশি।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন