ভারতের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বোম্বে ক্যাম্পাসে পথকুকুরদের সুরক্ষা ও ব্যবস্থাপনায় এক অভিনব প্রযুক্তির সূচনা হয়েছে। এখন থেকে ক্যাম্পাসের কুকুরগুলোর গলায় বিশেষ কলার বা বেল্ট পরানো হচ্ছে, যাতে যুক্ত রয়েছে একটি করে কিউআর কোড।
এই কোডটি যেকোনো স্মার্টফোনে স্ক্যান করলেই খুলে যাচ্ছে সংশ্লিষ্ট কুকুরের একটি ডিজিটাল প্রোফাইল, যা দেখে অনেকেই মজা করে একে কুকুরের 'আধার কার্ড' বলেও অভিহিত করছেন। ক্যাম্পাসের শিক্ষার্থী ও পশুপ্রেমীদের একাংশের শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই প্রযুক্তিটি সবার নজর কেড়েছে।
ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা গেছে, এই বিশেষ কিউআর কোড স্ক্যান করলে কুকুরের একটি অনন্য শনাক্তকরণ নম্বর বা ডিজিটাল আইডি পাওয়ার পাশাপাশি পাওয়া যায় এর গতিবিধি ও অবস্থানের নিখুঁত তথ্য।
প্রাণীটি সাধারণত ক্যাম্পাসের কোথায় ঘুরে বেড়ায়, এর বর্তমান অবস্থান কোথায় কিংবা এর আগে এটি কোথায় কোথায় গিয়েছে সবই ট্র্যাক করা সম্ভব হচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে। শুধু পরিচয় বা অবস্থানই নয়, কুকুরটির ডিজিটাল প্রোফাইলে যুক্ত রয়েছে এর স্বাস্থ্য ও চিকিৎসার যাবতীয় তথ্যও। ফলে কোডটি স্ক্যান করলেই সহজে জানা যায় প্রাণীটিকে জলাতঙ্কের মতো প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে কি না বা তার কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন আছে কি না।
বড় একটি ক্যাম্পাসে দেখতে প্রায় একইরকমের একাধিক কুকুর থাকলে তাদের সঠিকভাবে শনাক্ত করা এবং চিকিৎসায় বিভ্রান্তি এড়ানোর ক্ষেত্রে এই কিউআর-কোডযুক্ত কলারগুলো দারুণ কার্যকর ভূমিকা রাখছে। এর আগে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনও (বিএমসি) পথকুকুরদের জন্য কিউআর-কোডযুক্ত প্রতিফলক কলার চালুর ঘোষণা দিয়েছিল।
আইআইটি বোম্বের এই ইনোভেশনটি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পথপশুদের সুরক্ষা, টিকাকরণ নিশ্চিতকরণ এবং তাদের সহজে পরিচালনার ক্ষেত্রে দেশজুড়ে এক অনন্য মডেল হয়ে উঠেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডিবিসি/এমএনকে