চাকরির বাজারে আজকাল টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্যারিয়ারে উন্নতি করার আকাঙ্ক্ষা সবার ভেতরেই আছে। এজন্য নিজেকে আরও বেশি দক্ষ করার লড়াইয়ে নামতে হবে এখন থেকেই।
সফলতার কোনো শেষ নেই। উচ্চতার অনন্য শিখরে কে না উঠতে চায়! তবে সবাই সমানভাগে এগিয়ে যেতে পারে না বলেই লক্ষ্যে পৌঁছাতে পারে কেবল অল্প কয়েকজন।আপনাকে কাজের ক্ষেত্রে কৌশলী এবং সৎ হতে হবে। কৌশলী ও সৎ হওয়ার মাধ্যমে কর্মক্ষেত্রে সহজেই খ্যাতি অর্জন করার পাশাপাশি অর্থও উপার্জন করতে পারবেন। এ যুগে এসে আপনাকে একটা বিষয়ের ওপর দক্ষ হলে চলবে না। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অন্যান্য স্কিল আপনার চাকরির সম্ভাবনার দুয়ার খুলে দেবে। যুগ এখন দ্রুত পাল্টাচ্ছে। এই তথ্যপ্রযুক্তির যুগে অন্যদের থেকে এগিয়ে থাকতে আপনাকে অবশ্যই একাধিক স্কিল অর্জন করতে হবে।
ডিজিটাল মার্কেটিং স্কিল, ইউএক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপার কিংবা এইচআর ম্যানেজমেন্টসহ আরও অনেক বিষয়ে স্কিল ডেভেলেপ করতে পারেন।
আপনি কেবল যে ধরনের চাকরি করতে চান, তা না খুঁজে আপনার স্কিল দিয়ে কী কী চাকরি করা যায় সেগুলো আগে খুঁজে বের করুন। আর আপনার স্বপ্নের চাকরিতে জয়েন করার জন্য কী কী স্কিল প্রয়োজন তা এক জায়গায় নোট করে রাখুন। এরপর নিজেকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে ওই স্কিলগুলো অর্জন করুন।
কাজকে কঠিনভাবে না নিয়ে সহজভাবে নিন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব কি কি তা ভালোভাবে বুঝে নিন। এরপর সে অনুযায়ী নিজেকে দক্ষ করে গড়ে তুলুন। কোনো কাজকেই কঠিনভাবে নেওয়া যাবে না। কর্মস্থলে নিজেকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তুলুন।
হতে পারে আপনি এখন একটা প্রতিষ্ঠানে কাজ করছেন। আপনার এখন নতুন চাকরি না খুঁজলেও চলবে। কিন্তু এমনটা করার চেয়ে সব সময় যেখানে আছেন, তার চেয়ে ভালো জায়গায় আবেদনের চেষ্টা করুন। কারণ আপনার দক্ষতা অনুযায়ী প্রাপ্য সম্মানী পাওয়া উচিত।
আমরা চাকরির আবেদনের আগে তাড়াতাড়ি সিভি আপডেট করি। ফলে অনেক সময় সিভিতে অনেক ভুল ধরা পড়ে ৷ এই ভুল এড়াতে আগে থেকেই সিভি আপডেট করে রাখতে পারেন। নতুন চাকরি, স্কিল বা ইন্টার্নশিপ পাওয়ার সঙ্গে সঙ্গে সিভিটা আপডেট করে রাখুন।প্রতিটা সাক্ষাৎকারে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। চাকরির ইন্টারভিউ দেওয়ার কৌশলসমূহ জানা থাকলে আপনার আত্মবিশ্বাস, মনোবল আপনার সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।
আমরা সবাই সব সময় বর্তমানের চেয়ে ভালো জায়গায় যেতে চাই। শুধু ইচ্ছা পোষণ করলেই হবে না, তা নিয়ে কাজও করতে হবে। চাকরিতে প্রমোশন চায় না, এমন একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। বরং সবারই চেষ্টা থাকে কত দ্রুত প্রমোশন পাওয়া যায়। নিজের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করে ফেলবেন। এবং আপনি যেই পদে যেতে চান তার জন্য কী কী দক্ষতা প্রয়োজন তা খুঁজে বের করুন। এরপর সেগুলো অর্জনের প্রস্তুতি নিন। মনে রাখবেন, চাকরিক্ষেত্রে তারই উন্নতি হয় যিনি নিজে কাজ জানেন, কাজ করেন, অন্যকে সাহায্য করেন, অন্যকে কাজ শেখান এবং অন্যের কাছ থেকে কাজ আদায় করে নিতে পারেন।