যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট শাস্তা পর্বতে আরোহণের সময় ১,৫০০ ফুট নিচে পড়ে যাওয়া এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত রবিবার (২৮ জুন) এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ৩১ বছর বয়সী ওই নারী। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।
ইউএস ফরেস্ট সার্ভিস জানিয়েছে, তিন সদস্যের একটি শিক্ষানবিশ পর্বতারোহী দলের সাথে মাউন্ট শাস্তার অ্যাভালাঞ্চ গালচ রুটের লেফট অব হার্ট অংশ দিয়ে পাহাড়ে উঠছিলেন নাম প্রকাশ না করা ওই নারী। রবিবার আনুমানিক দুপুর ১২টার দিকে ফরেস্ট সার্ভিসের রেঞ্জারদের কাছে খবর আসে যে, তিনি ছিটকে প্রায় ১,৫০০ ফুট নিচে বরফের ওপর পড়ে গেছেন।
খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামেন ইউএস ফরেস্ট সার্ভিসের ক্লাইম্বিং রেঞ্জাররা। তবে বৈরী আবহাওয়ার কারণে শুরুতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে তিনজন রেঞ্জার পায়ে হেঁটেই পাহাড়ে ওঠেন।
এ সময় ওই পর্বতারোহী দলের আরেক সদস্য নিচে নেমে আসেন এবং রেঞ্জারদের উদ্ধার সরঞ্জাম বহনে সহায়তা করেন। ফরেস্ট সার্ভিস জানায়, দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা অন্য এক পর্বতারোহীও উদ্ধারকাজে হাত লাগান এবং পুরো সময় দলের সাথে থেকে সাহায্য করেন। ভয়াবহ এই পতনের পরও নারীটিকে জীবিত এবং মানসিকভাবে বেশ শক্ত অবস্থায় পাওয়া যায়। তবে তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে এবং শরীরে আরও কিছু আঘাত রয়েছে।
ফরেস্ট সার্ভিসের রেঞ্জার ও সাধারণ নাগরিকদের সহায়তায় ওই নারীকে একটি 'স্কেড' রেসকিউ স্ট্রেচারে করে লেক হেলেন পর্যন্ত নামিয়ে আনা হয়। আবহাওয়া কিছুটা অনুকূলে এলে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের একটি হেলিকপ্টার তাঁকে সেখান থেকে উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মাউন্ট শাস্তার মার্সি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
এ ঘটনার পর পর্বতারোহীদের উদ্দেশ্যে একটি সতর্কতামূলক বিবৃতি দিয়েছে ইউএস ফরেস্ট সার্ভিস। বিবৃতিতে বলা হয়, ‘এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মাউন্ট শাস্তা কোনো সাধারণ হাইকিংয়ের জায়গা নয়, এটি একটি উচ্চ-উচ্চতার ঝুঁকিপূর্ণ পর্বতাঞ্চল। এখানে অভিজ্ঞ পর্বতারোহীরাও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া, খাড়া তুষার-বরফ, পাথর ধস এবং ভয়াবহ পতনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন।’
সূত্র: এবিসি নিউজ
ডিবিসি/ আরপিডি