কক্সবাজারের টেকনাফে আলোচিত একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কথিত ক্রসফায়ারে একরামুল হককে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষে সংস্থাটি তাদের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেছে।
এখন প্রসিকিউশন এই প্রতিবেদন পর্যালোচনা করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করবে। এরপর শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেবে কি না এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্তে একরামুল হত্যাকাণ্ডে মোট ১১ জনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। এই ১১ জনের বিরুদ্ধেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার সুপারিশ করেছে তদন্ত সংস্থা।
উল্লেখ্য, ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের সময় একরামুল হক কথিত ক্রসফায়ারে নিহত হন। ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকে একটি অডিও রেকর্ডিং প্রকাশ করা হলে তা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এটিকে কেন্দ্র করে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ওঠে।
সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই আলোচিত হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে এই প্রতিবেদন দাখিল করা হলো।
ডিবিসি/এমএনকে