রাজনীতি, রাজধানী

ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে রাজনৈতিক অধিকারের পাশাপাশি দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি।’ তিনি বলেন, দল-মত নির্বিশেষে, শ্রেণি-পেশা নির্বিশেষে প্রত্যেক মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, বিএনপি সে ব্যবস্থাই গ্রহণ করবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে দেশ পুনর্গঠন করতে হবে। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন নয়; এটি গণতন্ত্র মজবুত করার পাশাপাশি ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের দিকনির্দেশনা নির্ধারণ করবে।

 

তারেক রহমান বলেন, গত প্রায় ১৬ বছর ধরে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। শুধু ভোটের অধিকারই নয়, মানুষের কথা বলার অধিকার, মত প্রকাশের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল। এই অধিকারগুলো পুনরুদ্ধারের জন্য বহু মানুষ জীবন দিয়েছে, গুম ও খুনের শিকার হয়েছে, অনেকে নির্যাতিত ও পঙ্গুত্ব বরণ করেছে।

 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এই আন্দোলনে যেসব মানুষ শহীদ হয়েছেন, তাদের পরিবার আজ এই জনসভায় উপস্থিত। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। এই ত্যাগকে সম্মান জানাতে হলে ভোটের অধিকারকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

 

দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের উন্নয়নযাত্রার সঙ্গে সম্পৃক্ত না করলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ কারণে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির আওতায় সারাদেশের খেটে খাওয়া পরিবারের গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং এর মাধ্যমে সরকার প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করবে, যাতে পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন