মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মত-নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ঘোষণা দিয়েছেন, মহান আল্লাহর ইচ্ছায় ও জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে, প্রথম দিন ফজর নামাজ পড়েই দলের পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সম্প্রচারিত এই ভাষণে জামায়াত আমির স্পষ্ট করে বলেন, এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। ভয়ের সংস্কৃতি দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সমাজের মূলধারার নেতৃত্বে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে ভোটাধিকার হরণ, গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতির মাধ্যমে জনগণের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, তা থেকে মুক্তির জন্যই এই রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল। তিনি তরুণদের ‘নতুন বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ ২.০’-এর রূপকার হিসেবে অভিহিত করেন। পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার করে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে তরুণদের, যেখানে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা পরিবারের আধিপত্য থাকবে না।
রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াত আমির। তিনি উল্লেখ করেন, জামায়াতের নির্বাচনী ইশতেহারে সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানসহ ৫টি বিষয়কে ‘হ্যাঁ’ এবং দুর্নীতি, ফ্যাসিজম, বেকারত্ব ও চাঁদাবাজিসহ ৫টি বিষয়কে ‘না’ বলা হয়েছে। এ সময় তিনি দাবি করেন, অতীতে জামায়াতের জনপ্রতিনিধিরা সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং আগামীতেও দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গড়ে তুলবেন যেখানে শাসকরা নিজেদের মালিক নয়, বরং সেবক মনে করবেন।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর কূটনৈতিক তৎপরতার কথা উল্লেখ করেন তিনি। এছাড়া প্রবাসীদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান। পরিশেষে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ এবং জোটভুক্ত এলাকায় ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দিয়ে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
ডিবিসি/এফএইচআর