আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো কথা বলবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়ে দিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের প্রতিরক্ষার অংশ এবং এটি কখনোই আলোচনার বিষয়বস্তু হতে পারে না। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, আলোচনা শুধুমাত্র পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ থাকবে।

ওমানে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার বিষয়ে আরাঘচি বলেন, এটি একটি "ভালো শুরু" ছিল এবং মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে হাত মেলানোর সুযোগও তৈরি হয়েছিল। তবে তিনি সতর্ক করে বলেন, দুই দেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে আরও এক দফা আলোচনার ঘোষণা দিয়েছেন।

 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। পারমাণবিক সমৃদ্ধকরণকে ইরানের "অবিচ্ছেদ্য অধিকার" উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে একটি আশ্বস্তকারী চুক্তিতে পৌঁছাতে তারা প্রস্তুত।

 

এদিকে, শুক্রবার ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এবং ইরানের তেল রপ্তানি দমাতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন। এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আরব সাগরে মোতায়েন ইউএসএস আব্রাহাম লিংকন পরিদর্শন করেন।

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী বুধবার ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। ইসরায়েল চায়, আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হোক। তবে ইরান সেই দাবি প্রত্যাখ্যান করেছে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন