যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হতে না হতেই মাঠের বাইরের নানামুখী বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ। একদিকে অসদাচরণের দায়ে ফিফার শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে ব্যবস্থা নেওয়ার দাবি, অন্যদিকে দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিন। এর মাঝেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল।
টুর্নামেন্ট শুরুর প্রাক্কালেই এক ফিফা কর্মকর্তার অশোভন হাতের ইশারাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার ওই কর্মকর্তার এমন আচরণকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জোর দাবি উঠেছে। এই ঘটনায় ফিফার অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ইমেজ চরম সংকটে পড়েছে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।
এদিকে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের এক মন্তব্যকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপ নিয়ে তার করা এক মন্তব্যকে নীরস ও অনাকর্ষণীয় বলে তীব্র সমালোচনা করেছে অংশগ্রহণকারী দলগুলো। দলগুলোর পক্ষ থেকে সেফেরিনের এই ধরনের মন্তব্যকে ফুটবলারদের প্রতি অসম্মানজনক বলে দাবি করা হয়েছে।
রাজনৈতিক উত্তেজনা ও প্রতিবাদের আবহেই লস অ্যাঞ্জেলেসে এসে পৌঁছেছে ইরান দল। হোটেল ছাড়ার সময় ইরানি ফুটবলারদের বহনকারী বাসটিকে ঘিরে ছিল নজিরবিহীন নিরাপত্তা বলয়। হোটেলের বাইরে প্রবাসী ইরানিদের একটি অংশের বিক্ষোভের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
দলের অন্যতম তারকা ফুটবলার মেহেদি তারেমি এক বিবৃতিতে জানান, এই রাজনৈতিক ও পারিপার্শ্বিক উত্তেজনা ফুটবল উপভোগের আনন্দকে ব্যাহত করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এসএফএল