নতুন বছরকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে সম্পন্ন হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের ‘বৈশাখী শোভাযাত্রা’।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শুরু হয়। এরপর এটি শাহবাগ থানার সামনে দিয়ে ঘুরে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর এবং সবশেষে বাংলা একাডেমির সামনে দিয়ে গিয়ে সকাল ১০টা ৫ মিনিটে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়।
শোভাযাত্রাটি নির্বিঘ্ন করতে পহেলা বৈশাখের ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা শোভাযাত্রার সামনে ও পেছনে অবস্থান নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেন। সার্বিক নিরাপত্তার বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, পহেলা বৈশাখ বাঙালির একটি প্রাণের উৎসব। সর্বস্তরের মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে এই সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে পারে, সে জন্যই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর নজরদারির ফলেই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবারের শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে।
ডিবিসি/পিআরএএন