ঈদের দ্বিতীয় দিনে কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী ও বান্দরবানে সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে অর্ধশত মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই বাসের যাত্রী।
শনিবার (২১ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি পরিবহনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। তাদের কারো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও বাসের সংঘর্ষ হলে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এরপর সকাল ৯টার দিকে এলাকার লোকজন খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে পিকআপের নিচে থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।
ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। রোববার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর: এছাড়া নাটোরের বড়াইগ্রামে গড়মাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় জুলফিকার নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং আগামীকালই তার বিয়ের দিন ধার্য ছিল।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিজের বিয়ের আনন্দ আয়োজনের অংশ হিসেবে সকালে বোন ও দুলাভাইকে নিয়ে আসতে জুলফিকার নিজেই প্রাইভেট কার চালিয়ে পাবনার দাশুড়িয়া থেকে নাটোরের বনপাড়ায় যাচ্ছিলেন। পথে বড়াইগ্রামের গড়মাটি এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই জুলফিকার প্রাণ হারান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
বান্দরবান: এদিকে বান্দরবানে সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়।
ডিবিসি/পিআরএএন