ব্যয় সংকোচনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে। এর ফলে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তির পর বিকেল ৪টার দিকে সর্বসম্মতিক্রমে নতুন অর্থবছরের বাজেট পাশ হয়। এর আগে গত ১১ জুন সংসদে এই বাজেট উপস্থাপন করেছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিবছর বাজেট পাশের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে একটি নৈশভোজ অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নিয়ে থাকেন। তবে বর্তমান সরকারের ব্যয় কমানোর নীতির অংশ হিসেবে এবার সেই আয়োজন থেকে বিরত থাকা হয়েছে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হতো। এর বাইরেও প্রতিবছর অতিরিক্ত ১০ থেকে ১২ কোটি টাকা খরচ করার নজির রয়েছে। উদাহরণস্বরূপ, শুধু ২০১৮-১৯ অর্থবছরেই এই খাতে খরচ হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা।
ডিবিসি/এফএইচআর