জেলার সংবাদ

খাগড়াছড়িতে বন্যার্তদের সাহায্যে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়া হাজারো মানুষের দুর্দশা লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে মহালছড়ি সেনা জোন। এর অংশ হিসেবে বন্যা কবলিত ও পানিবন্দি মানুষের মাঝে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি মেডিকেল টিম নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় করে বিভিন্ন এলাকায় গিয়ে সরাসরি চিকিৎসা প্রদান করছে।

মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) জানান, বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ, পিএসসি-এর নির্দেশনায় এই ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে। তিনি আরও জানান, যেসব এলাকার মানুষ বন্যার কারণে চিকিৎসা নিতে আসতে পারছেন না, তাদের দোরগোড়ায় পৌঁছে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনা জোনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

দুর্যোগপূর্ণ এই সময়ে সেনাবাহিনীর এমন সময়োপযোগী উদ্যোগের ব্যাপক প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, চারদিকে পানি থাকায় দুর্গম এলাকাগুলোতে চিকিৎসা সেবা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সেনাবাহিনীর এই সহায়তার ফলে পানিবন্দি এলাকার শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন