খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া গ্রামে বাল্যবিবাহের তথ্য পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থলিপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের বাল্যবিবাহ হচ্ছে-মর্মে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং বাল্যবিবাহের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহটি বন্ধ করা হয়। মেয়ের বাবা মো. মহিন উদ্দিন মানিককে (৩৮) অপরাধ স্বীকার করা সাপেক্ষে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাত্র ও দুই পক্ষের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ সময় উপস্থিত সকলকে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা প্রমাণ পাই। বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/এসভিএন