বাংলাদেশ, জেলার সংবাদ

খাগড়াছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানে গিয়ে হামলার শিকার ইউএনও

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খাগড়াছড়ির রামগড় উপজেলার পূর্ব বলিপাড়া এলাকায় অবৈধ বালুমহালে প্রশাসন অভিযান পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির, উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব, অফিস সহকারী জয়নাল আবেদীন, গাড়িচালক কামাল হোসেন এবং আনসার সদস্য নূর মোহাম্মদ ও মো. সালাহ উদ্দিন। আহত স্থানীয় চার যুবক হলেন আজাদ, সুমন ত্রিপুরা, নূর হোসেন ও আবুল হোসেন। সংঘর্ষ চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তার গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করা হয়।

 

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বলিপাড়া এলাকায় দীর্ঘ দুই কিলোমিটার এলাকা জুড়ে ৩০-৪০ ফুট গভীর গর্ত করে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে ৫ থেকে ৬টি বালু তোলার মেশিন ধ্বংস এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করে প্রশাসন। অভিযান শেষে ফেরার পথে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত একটি প্রভাবশালী চক্র কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার সদস্যরা ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন।

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির জানান, বালু তোলার সরঞ্জাম ধ্বংস করে ফেরার পথেই তাদের ওপর হামলা করা হয়। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা রাবার বুলেট ছুঁড়তে বাধ্য হন। খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত টেলিফোনে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এদিকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রামগড়ের লামকু পাড়া, থানা চন্দ্রপাড়া, খাগড়াবিল ও ওয়াফই পাড়াসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। দেড় মাস ধরে একটি প্রভাবশালী চক্র পূর্ব বলিপাড়া এলাকাকে বালু উত্তোলনের প্রধান কেন্দ্রে পরিণত করেছে, যাদের ছত্রছায়ায় এই বিশাল কর্মযজ্ঞ চলছিল। প্রশাসনের এই অভিযানের পর এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন