খাগড়াছড়ির দীঘিনালায় টানা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার মুখোমুখি হয়েছে হাজারো মানুষ। এতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টা থেকে শনিবার (২২ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত টানা প্রায় নয় ঘণ্টার বৃষ্টিতে দীঘিনালা-মাইনী ও দীঘিনালা-কবাখালী সড়কের বিভিন্ন অংশসহ নিম্নাঞ্চল ও জামতলী এলাকা পানিতে তলিয়ে যায়। এতে এসব এলাকার স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে।
দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণাগারের বেলুন মেকার শুভতি চাকমা জানান, রাত ৯টা থেকে টানা প্রায় নয় ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে রাত ১২টার পর থেকে রেকর্ড করা বৃষ্টিপাতের পরিমাণ ১০৩ মিলিমিটার।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ জানান, টানা ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি বেড়েছে। বন্যা পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে পানিবন্দি মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বেড়ে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।
ডিবিসি/এসডব্লিউএন