খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতরাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও বাজার কমিটি সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুন লাগে এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হওয়া দোকানগুলোর মধ্যে জুতা, কসমেটিকস, কাপড়, সেলুন, ফার্মেসি ও স্বর্ণের দোকান রয়েছে। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা প্রদান করে সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতা।
বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর ক্ষয়ক্ষতির বিষয়ে বলেন, অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের অন্তত ৫ কোটি টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী তাদের সম্বল হারিয়ে এখন দিশেহারা।
দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হবে।
ডিবিসি/টিবিএ