পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার ও বুধবার (২৩ ও ২৪ জুন) পরিচালিত এসব অভিযানে এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বরকলক এলাকায় সেনাবাহিনীর একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় ওই এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে আচমকা গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময়ের একপর্যায়ে কোণঠাসা হয়ে সশস্ত্র সংগঠনের দুই সদস্য সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ হতে বাধ্য হয়। পরে তাদের তল্লাশি করে ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।
এদিকে, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেখানেও সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সেনা সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এই বন্দুকযুদ্ধে এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান, ২৭ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন অনুষঙ্গ ও সামগ্রী উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সব সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না। এ অঞ্চলের সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর এমন কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/এসএফএল