বাংলাদেশ

খাবারের অভাবেই ভূমধ্যসাগরে মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়ে ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

গত ৬ মার্চ যাত্রা শুরু করা একটি রাবার বোট পথ হারিয়ে ছয় দিন সাগরে ভাসমান থাকায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্তমানে গ্রিসের একটি ক্যাম্পে রাখা হয়েছে এবং গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মৃতদের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজন, জগন্নাথপুরের পাঁচজন এবং দোয়ারাবাজার উপজেলার একজন রয়েছেন। প্রাথমিকভাবে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন দিরাইয়ের মো. নুরুজ্জামান সরদার ময়না, সাজিদুর রহমান, সাহান এহিয়া ও মুজিবুর রহমান; জগন্নাথপুরের সোহানুর রহমান, শায়েক আহমেদ, মো. নাঈম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলী এবং দোয়ারাবাজারের আবু ফাহিম। সাগরে থাকাকালীন অনাহার ও তৃষ্ণায় অসুস্থ হয়ে পড়লে একে একে তাঁদের মৃত্যু হয় এবং পরবর্তীতে লাশগুলো সাগরেই ফেলে দেওয়া হয়।

 

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, দালালের মাধ্যমে জনপ্রতি ১২ লাখ টাকার চুক্তিতে তাঁরা গ্রিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। লিবিয়ায় পৌঁছানোর পর চুক্তির অর্ধেক টাকা পরিশোধ করা হয়েছিল। দীর্ঘ কয়েক দিন নিখোঁজ থাকার পর গত শনিবার বিকেলে গ্রিসের ক্যাম্পে থাকা আহত এক স্বজনের ফোনের মাধ্যমে তাঁদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জের সংশ্লিষ্ট গ্রামগুলোতে। জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় ও বিস্তারিত তথ্য নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন