আন্তর্জাতিক

খাবারে মাদক মেশানোর অভিযোগে লেবাননের জনপ্রিয় ফুড ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গালফ বা উপসাগরীয় দেশের বাজারে পাঠানো নিষিদ্ধ মাদক মিশ্রিত খাবার ও মিষ্টান্ন তৈরির অভিযোগে লেবাননে জর্জ দিব নামের এক জনপ্রিয় ফুড ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। টিকটকে 'ডক্টর ফুড' নামে পরিচিত এবং ৮ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে এমন এই কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশ আটক করেছে।

রবিবার (২৩ আগস্ট) বিচার বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, মাদক পাচারের অভিযোগে এর আগে অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত জর্জ দিবকে আক্কার প্রদেশের উত্তরাঞ্চলীয় তার বাড়ি থেকে আটক করা হয়। নিজের একটি কনফেকশনারি বা মিষ্টির ব্যবসাও রয়েছে তার।


এর আগে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছিল, প্রায় ২ বছর আগে বিচার বিভাগ জর্জ দিবের বিরুদ্ধে মাদক উৎপাদন, পাচার এবং বিদেশে চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা কিছু মিষ্টি ও খাদ্যপণ্যে মাদক পাওয়া যায়, যা জর্জ দিবের মালিকানাধীন কারখানায় তৈরি হয়েছিল। এসব পণ্য উপসাগরীয় কোনো দেশে পাচারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল বলে জানায় সংবাদমাধ্যমটি।


গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা ঘোষণা সত্ত্বেও জর্জ দিব টিকটকে ভিডিও পোস্ট করা চালিয়ে যাচ্ছিলেন। গত মাসে তার সাজা পাওয়ার খবর প্রকাশ পাওয়ার পর একটি ভিডিওতে তিনি সব অভিযোগ অস্বীকার করেন এবং তার সম্পর্কে ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্য অনুসারীদের অনুরোধ জানান।


সূত্র: গালফ নিউজ


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন