ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরান যাচ্ছে। মঙ্গলবার (৩০ জুন) দলটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে আগামী ৩ জুলাই তারা ঢাকা ত্যাগ করবেন এবং ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও রয়েছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এস এম খালিদুজ্জামান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করতেই তারা এই সফরে যাচ্ছেন। সেখানে তারা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাসহ অন্যান্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সরাসরি অংশগ্রহণ করবেন।
ইরান অবস্থানকালে নির্ধারিত সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদলটি দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। জামায়াতে ইসলামী আশা প্রকাশ করেছে যে, তাদের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
ডিবিসি/এফএইচআর