আন্তর্জাতিক

খামেনির দাফন ও জানাজায় থাকছেন না মোদি!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ভারতের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল এই আয়োজনে অংশ নেবে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, এই প্রতিনিধিদলে থাকবেন বিহারের রাজ্যপাল সৈয়দ হাসনাইন এবং দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা।

 

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ইরান থেকে এমন আমন্ত্রণ পেলেও প্রধানমন্ত্রী মোদি প্রতিনিধিদলের সঙ্গে যাচ্ছেন না বলেই ধারণা করা হচ্ছে।

 

ইরানের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলি খামেনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রথম দিন অর্থাৎ গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। তার মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছেন।

 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই থেকে জানাজা ও শোকানুষ্ঠান শুরু হবে এবং ৯ জুলাই দাফনের মধ্য দিয়ে তা শেষ হবে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ জুলাই পবিত্র শহর কোমে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, ৪ জুলাই থেকে শুরু হওয়া ছয় দিনের এই শোকানুষ্ঠানে লাখ লাখ মানুষ অংশ নেবেন।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর দুই দেশের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শান্তি প্রক্রিয়া শুরুর প্রেক্ষাপটে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই ভারত ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও নয়াদিল্লি তেহরানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একাধিকবার টেলিফোনে আলোচনা হয়েছে এবং চলতি বছরের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভারত সফর করেছেন। এছাড়া কয়েক সপ্তাহ আগেও ইরানের প্রতিনিধিরা ভারত সফর করেছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন