বিগত ১৭ বছরে কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কাজ হয়নি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বর্তমান সরকার কৃষকদের স্বার্থে ২০ হাজার কিলোমিটার খাল খননের যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছে। শনিবার (২৫ এপ্রিল) বিকালে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পর্যায়ক্রমে এই খালগুলো খনন করা হবে বলে জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নদী-নালা ও খাল খননের মতো কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে দেশের অনেক জলাশয় শুকিয়ে গেছে। বর্তমান সরকার দলমত নির্বিশেষে দেশের ১৭ কোটি মানুষের কল্যাণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেই হিসাব সরকার করে না। পর্যায়ক্রমে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজসহ প্রয়োজনীয় সব অবকাঠামোর উন্নয়ন এই বিএনপি সরকারের হাত ধরেই হবে। এ সময় তিনি আরও জানান, দেশে এখন আর কোনো হয়রানিমূলক বা প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলা হচ্ছে না; বর্তমানে যেসব মামলা হচ্ছে তা মূলত স্থানীয় মারামারির ঘটনাকে কেন্দ্র করে।
সালথায় চলমান বিভিন্ন সহিংসতার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এই সংসদ সদস্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। দলীয় গ্রুপিংয়ের জেরে পুলিশের ওপর বা তাদের গাড়িতে হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি স্পষ্ট করে বলেন, সহিংসতায় জড়িত ব্যক্তি তার কাছের লোক বা বিএনপির হলেও কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সমাজে অশান্তি সৃষ্টিকারী যে দলেরই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিবিসি/পিআরএএন