ভারতের পুনেতে শ্রাবণ মাসে বাড়িতে মাটন খাওয়ার আবদার করাকে কেন্দ্র করে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের মা পরে স্বামীকে বাঁচাতে হত্যার প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন।
নিহতের নাম মহেশ গাইকওয়াড (৩০)। তিনি পুনের বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রাবণ মাস উপলক্ষে মহেশের পরিবার আমিষ খাবার খাওয়া থেকে বিরত ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে পবিত্র হিসেবে বিবেচিত এই মাসে অনেক পরিবার মাংস, মাছ ও ডিম খাওয়া এড়িয়ে চলে।
ঘটনার দিন মহেশ বাড়িতে মাটন খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে তার সঙ্গে বাবার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেই ঝগড়া হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী, ক্ষিপ্ত হয়ে মহেশের বাবা তাকে মারধর করতে শুরু করেন। মারধর এতটাই গুরুতর ছিল যে মহেশ গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
তবে ঘটনার পর পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়নি। বরং মহেশের মা স্বামীকে রক্ষা করতে হত্যাকাণ্ডের আলামত ও প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন বলে অভিযোগ।
পরবর্তীতে ঘটনাটি নিয়ে সন্দেহ হলে ওয়ারজে মালওয়াদি থানার পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ এবং তদন্তের পর পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি উদঘাটন করে।
এরপর মহেশের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়। বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ এবং মায়ের বিরুদ্ধে হত্যার প্রমাণ নষ্ট ও অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে দুজনই পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এমএনকে