যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে খুলনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই বিকাল ৪টায় নগরীর শহীদ হাদিস পার্কে এই জানাজার আয়োজন করা হয়। গায়েবী জানাজা আয়োজক কমিটি’র উদ্যোগে অনুষ্ঠিত এ জানাজায় বিভিন্ন ইসলামী দলের সদস্য, রাজনীতিবিদ এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।
জানাজায় বিশেষ তাৎপর্য যোগ করেন ইরান থেকে আসা চারজন মুসাফির। তাঁরা এই গায়েবানা জানাজায় অংশ নেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তাঁরা আয়াতুল্লাহ আলী খামেনির বর্ণাঢ্য জীবন ও তাঁর রেখে যাওয়া আদর্শের কথা তুলে ধরেন।
বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের খুলনার এই জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। গায়েবানা জানাজা শেষে মুসলিম বিশ্বের এই শীর্ষ নেতার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ডিবিসি/আরপিডি