খুলনায় দোকানের তাকের গ্লাস গায়ের ওপর পড়ে তরিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) রাত ৮টার দিকে নগরীর নিউ মার্কেট সংলগ্ন বাইতুন নুর মোবাইল মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল খুলনা সদর থানার মৌলভীপাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে।
জানা গেছে, বাইতুন নুর মোবাইল মার্কেটে 'খুলনা স্কিন এন্ড এক্সসারিজ' নামে তরিকুল ইসলামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার বিবরণ দিয়ে জানান, রাত ৮টার দিকে ওই ব্যবসায়ী একটি টুলে বসে কাচের গ্লাসে হেলান দিয়ে মোবাইল দেখছিলেন। এ সময় তিনি অপর হাত দিয়ে কাচের গ্লাসটি খোলার চেষ্টা করছিলেন। হঠাৎ গ্লাসটি খুলে তার শরীরের ওপর পড়ে গেলে তিনি আঘাত পান।
দুর্ঘটনার পর আহত অবস্থায় তরিকুল ইসলাম নিজেই হেঁটে মার্কেট থেকে বের হয়ে চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্যদের ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিসি/আরএসএল